তুরস্কের ইস্তাম্বুল শহরে ইসরায়েলি কনস্যুলেট ভবনের কাছে গুলির ঘটনায় অন্তত তিনজন
নিহত হয়েছেন। দুই পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন বলে জানিয়েছে তুরস্কের সংবাদমাধ্যম।
বার্তা সংস্থা রয়টার্সের ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শুনে এক পুলিশ কর্মকর্তা
পিস্তল হাতে আড়ালে অবস্থান নিচ্ছেন। সে সময় একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা
যায়।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজন আততায়ী। তুরস্কের সংবাদমাধ্যম হাবেরতুর্ক জানিয়েছে,
হামলাকারীদের কাছে লম্বা ব্যারেলের আগ্নেয়াস্ত্র ছিল। পুলিশের সঙ্গে গোলাগুলির সময়
দুই হামলাকারী নিহত হন এবং তৃতীয় একজনকে জীবিত আটক করা হয়েছে। সংঘর্ষ চলাকালে এক
পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন।
ইসরায়েলি কনস্যুলেট-সংলগ্ন এলাকায় সব সময়ই কঠোর নিরাপত্তাব্যবস্থা ও সশস্ত্র
পুলিশের উপস্থিতি থাকে। টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, গোলাগুলির ঘটনার পর
ওই এলাকায় সশস্ত্র পুলিশ টহল দিচ্ছে।
রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা গেছে, গোলাগুলি শুরু হওয়ার পর পুলিশ কর্মকর্তারা
অস্ত্র হাতে নিরাপদ অবস্থান গ্রহণ করছেন। প্রায় ১০ মিনিট ধরে চলা এই সংঘর্ষে পুরো
এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুটেজে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে।
অন্য একটি ভিডিওতে দেখা যায়, একজন হামলাকারী পুলিশের পার্ক করে রাখা বাসের আড়ালে
থেকে স্বয়ংক্রিয় রাইফেল ও হ্যান্ডগান দিয়ে টানা কয়েক মিনিট গুলি ছুড়ছে। সংঘর্ষ শেষে
পার্শ্ববর্তী রাস্তা ও ঘাসের ওপর দুটি মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
ইস্তাম্বুলের বাণিজ্যিক এলাকায় অবস্থিত ওই টাওয়ারটি, যেখানে ইসরায়েলি কনসুলেট
অবস্থিত, তার বাইরেই এই ঘটনা ঘটে। গণমাধ্যমের দাবি অনুযায়ী, এই অভিযানে দুইজন পুলিশ
কর্মকর্তাও আহত হয়েছেন।
সংশ্লিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়েছে, বর্তমানে তুরস্কে ইসরায়েলের কোনো
কূটনীতিক অবস্থান করছেন না। তবে এই হামলার পেছনে কারা জড়িত বা হামলাকারীদের
উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।























