আইনে নির্ধারিত সীমা অনুযায়ী বিনিয়োগ করতে ব্যর্থ হওয়ায় সম্পদ ব্যবস্থাপনা
প্রতিষ্ঠান বাংলাদেশ রেইস ম্যানেজমেন্ট পিএলসিকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গত মাসে বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয় এবং
৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।
জানা গেছে, রেইস পরিচালিত ১১টি মিউচুয়াল ফান্ড নির্ধারিত বিনিয়োগ সীমা পূরণ করতে
পারেনি। বিএসইসির নির্দেশনা অনুযায়ী ২০২২ সালের জুনের মধ্যে ফান্ডের অন্তত ৩ শতাংশ
অর্থ তালিকাভুক্ত ডেট সিকিউরিটিজে বিনিয়োগের বাধ্যবাধকতা ছিল, যা পরে ২০২৩ সালের ৩০
জুন পর্যন্ত বাড়ানো হয়। তবে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্তও এসব ফান্ডের বিনিয়োগ ৩
শতাংশের নিচেই ছিল।
একইভাবে, ২০২৩ সালের জুনের মধ্যে মিউচুয়াল ফান্ডের অন্তত ১ শতাংশ অর্থ তালিকাভুক্ত
ট্রেজারি বন্ডে বিনিয়োগের নির্দেশনা থাকলেও ২০২৫ সালের জুন পর্যন্ত এ খাতে কোনো
বিনিয়োগ করা হয়নি।
বিনিয়োগ সীমা না মানার বিষয়টি ট্রাস্টি প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স
কোম্পানি ও ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) থেকে জানানো হলেও তা অনুসরণ
করা হয়নি।
বিএসইসির শুনানিতে রেইস ম্যানেজমেন্ট বিনিয়োগে ব্যর্থতার কারণ হিসেবে নিয়ন্ত্রক
সংস্থার তদন্ত, লেনদেনে বিধিনিষেধ, ব্যাংক হিসাব জব্দ এবং ফ্লোর প্রাইস আরোপের বিষয়
উল্লেখ করে ব্যাখ্যা দেয়।
তবে এসব ব্যাখ্যা গ্রহণযোগ্য না হওয়ায় সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট ১১টি
ফান্ডের বিপরীতে প্রতিটিতে ৫ লাখ টাকা করে মোট ৫৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

























