আসন্ন ফুটবল বিশ্বকাপের টিকিট নিয়ে নতুন ঘোষণা দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক
সংস্থা ফিফা। আজ বুধবার বাংলাদেশ সময় রাত ৯টা থেকে টুর্নামেন্টের ১০৪টি ম্যাচের
সবগুলোর টিকিট পুনরায় বিক্রির জন্য উন্মুক্ত করা হচ্ছে। এবার ১, ২ ও ৩ নম্বর সাধারণ
ক্যাটাগরির পাশাপাশি ‘ফ্রন্ট ক্যাটাগরি’ নামে সম্পূর্ণ নতুন ও উচ্চমূল্যের একটি
বিভাগ যুক্ত করা হয়েছে। ফিফার এই আকস্মিক সিদ্ধান্তে ফুটবলপ্রেমীদের মধ্যে একদিকে
যেমন টিকিটের সুযোগ তৈরি হয়েছে, অন্যদিকে আসন বণ্টন ও দাম নিয়ে তীব্র অসন্তোষ দেখা
দিয়েছে।
টিকিট বিক্রির এই নতুন প্রক্রিয়া নিয়ে অনেক সমর্থক এরই মধ্যে সামাজিক
যোগাযোগমাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। ভক্তদের অভিযোগ, ফিফা উন্নতমানের
আসনগুলো পরিকল্পিতভাবে আগে থেকে সরিয়ে রেখেছিল এবং সাধারণ সমর্থকদের অপেক্ষাকৃত কম
সুবিধাজনক স্থানে আসন বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি
নিয়েও সমালোচনা চলছে। গত ডিসেম্বর মাসে যেখানে টিকিটের সর্বোচ্চ মূল্য ছিল ৮ হাজার
৬৮০ ডলার, এপ্রিলের নতুন ধাপে তা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৯৯০ ডলারে।
ফিফার প্রাথমিক বিক্রয় ধাপে ক্যাটাগরি-৩ এর টিকিটের সর্বনিম্ন মূল্য শুরু হয়েছিল
১৪০ ডলার থেকে। তবে দ্বিতীয় দফায় টিকিট বিক্রি শুরু হওয়ার পর প্রতিটি ক্যাটাগরিতেই
দামের বড় ধরনের উল্লম্ফন লক্ষ্য করা গেছে। বিশেষ করে নতুন ‘ফ্রন্ট ক্যাটাগরি’ যুক্ত
করার ফলে টিকিটের দাম এখন সাধারণ দর্শকদের সামর্থ্যের বাইরে চলে যাচ্ছে বলে দাবি
করা হচ্ছে। ফিফা এই মূল্যবৃদ্ধি এবং আসন সরিয়ে রাখার অভিযোগ সম্পর্কে সরাসরি কোনো
মন্তব্য করতে রাজি হয়নি।
এদিকে বিশ্বকাপের কিছু নির্দিষ্ট ম্যাচের টিকিট বিক্রি নিয়ে উদ্বেগের তথ্যও সামনে
এসেছে। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১২ জুন
ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউডে স্বাগতিক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যকার উদ্বোধনী
ম্যাচের টিকিট প্রত্যাশা অনুযায়ী বিক্রি হচ্ছে না। সোফাই স্টেডিয়ামের প্রায় ৭০
হাজার দর্শক ধারণক্ষমতার বিপরীতে এখন পর্যন্ত মাত্র ৪০ হাজার ৯৩৪টি টিকিট বিক্রি
হয়েছে। একইভাবে ইরান ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচের টিকিট বিক্রির হারও
তুলনামূলক কম বলে জানা গেছে।
যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের মধ্যকার ম্যাচের টিকিটের দাম বিভিন্ন ক্যাটাগরিতে ১
হাজার ১২০ থেকে ২ হাজার ৭৩৫ ডলার পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। অন্যদিকে ইরান ও
নিউজিল্যান্ডের ম্যাচের জন্য দাম ধরা হয়েছিল ১৪০ থেকে ৪৫০ ডলার পর্যন্ত। ফিফা আশা
করছে, নতুন দফায় টিকিট ছাড়ার পর গ্যালারিগুলো পূর্ণ হবে এবং দর্শকদের মাঝে পুনরায়
চাঞ্চল্য ফিরবে। তবে টিকিটের উচ্চমূল্য এবং ক্যাটাগরি বিভাজন নিয়ে তৈরি হওয়া বিতর্ক
টুর্নামেন্টের বাণিজ্যিক ব্যবস্থাপনায় নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
























