কুমিল্লায় কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিপাতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। পাশাপাশি টানা
বর্ষণে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো পানির নিচে তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে
পড়েছে নগরবাসী।
স্কুল-কলেজ থেকে বাড়ি ফিরতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগে পড়তে হয়েছে।
অনেক স্থানে হাঁটুসমান পানি জমে থাকায় চলাচল ব্যাহত হয়েছে।
ঝাউতলা এলাকার বাসিন্দা গৃহবধূ আসফা বেগম বলেন, ‘মৌসুমের শুরুতেই হাঁটুসমান পানি
ভেঙে স্কুল থেকে মেয়েকে নিয়ে আসতে হয়েছে। রিকশা ভাড়াও দ্বিগুণ হয়েছে।’
নগরীর রেসকোর্স এলাকার বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, ‘ভারী বৃষ্টিপাতে বিভিন্ন
বাসাবাড়িতে পানি ঢোকে পড়েছে।’
কান্দিরপাড় এলাকার বাসিন্দা ওবায়দুল হক বলেন, ‘খাল ও ড্রেনে বিপুল পরিমাণ প্লাস্টিক
বোতল ও বর্জ্য জমে থাকায় পানি নামতে পারছে না, ফলে দুর্ভোগ চরমে পৌঁছেছে।’
বুড়িচংয়ের মিথিলমা এলাকার বাসিন্দা জাকির হোসেন জানান, সকালের কালবৈশাখী ঝড়ে বেশ
কিছু গাছ উপড়ে পড়ে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে।
নাঙ্গলকোট উপজেলার সাইফুল ইসলাম জানান, বিভিন্ন সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত
হয়েছে।
এদিকে ভারী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ে ধানসহ অন্যান্য শাক-সবজির ব্যাপক ক্ষতির
আশঙ্কা করছে কৃষি বিভাগ।
কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান জানান, কালবৈশাখী ঝড়ে
ধানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ
করছেন কৃষি কর্মকর্তারা।
জেলার বিভিন্ন উপজেলার সড়কে গাছ উপড়ে পড়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। তবে এখনো ক্ষতির
পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, জলাবদ্ধতা নিরসনে কাজ
চলমান রয়েছে। খাল ও ড্রেনে বর্জ্য জমে থাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এ কারণে তিনি
নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান জানান।
কুমিল্লা আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, সকাল থেকে
দুপুর ১২টা পর্যন্ত ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
























