বলিউডে কয়েক দশকের ক্যারিয়ারে জনপ্রিয়তার তুঙ্গে থাকলেও তিন খানের (শাহরুখ, সালমান
ও আমির) সঙ্গে কাজ করা হয়নি অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের। দীর্ঘদিনের সেই অপূর্ণতা
অবশেষে ঘুচতে যাচ্ছে। নতুন একটি সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় জুটি
বাঁধতে যাচ্ছেন আমির খান ও শ্রদ্ধা কাপুর। ভারতীয় ব্যবসায়ী অশনির গ্রোভারের জীবনের
রোমাঞ্চকর উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত এই বায়োপিকে তাঁদের দুজনকে গুরুত্বপূর্ণ
চরিত্রে দেখা যাবে।
এই বায়োপিকে আমির খান অভিনয় করবেন অশনির গ্রোভারের নামভূমিকায়। ব্যবসায়িক লড়াই এবং
অশনিরের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে নির্মাতারা আমিরকেই যোগ্য মনে করেছেন। অন্যদিকে,
শ্রদ্ধাকে দেখা যাবে অশনিরের স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে। তাঁদের শূন্য
থেকে শীর্ষে পৌঁছানো এবং কঠিন সময়ে একে অপরের পাশে থাকার মানবিক গল্পটি সিনেমার মূল
উপজীব্য হবে। কেবল সাফল্য নয়, বরং অশনিরের জীবনের নানা বিতর্কিত ও ব্যক্তিগত
সংগ্রামের দিকগুলোও এখানে উঠে আসবে।
সিনেমাটি পরিচালনা করবেন রাহুল মোদি, যিনি এর আগে ‘সোনু কে টিটু কি সুইটি’র মতো হিট
সিনেমার চিত্রনাট্য লিখে পরিচিতি পেয়েছেন। জানা গেছে, অশনির গ্রোভারের এই বায়োপিকের
চিত্রনাট্য তিনি দীর্ঘ তিন বছর ধরে নিবিড়ভাবে তৈরি করেছেন। চিত্রনাট্য লেখার
প্রতিটি ধাপের সঙ্গে শ্রদ্ধা কাপুর ওতোপ্রোতভাবে জড়িত ছিলেন। শুরু থেকেই চূড়ান্ত
ছিল যে মাধুরী জৈন গ্রোভারের চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধাই, তবে আমিরের
অন্তর্ভুক্তি প্রজেক্টটিতে বাড়তি মাত্রা যোগ করেছে।
আমির আর শ্রদ্ধার মধ্যে বয়সের ব্যবধান প্রায় ২২ বছর হওয়ায় সামাজিক মাধ্যমে কিছুটা
আলোচনা-সমালোচনা চললেও নির্মাতা বিষয়টি নিয়ে চিন্তিত নন। প্রোস্থেটিক মেকআপ ও উন্নত
প্রযুক্তির সহায়তায় এই দম্পতির জীবনের বিভিন্ন পর্যায় পর্দায় জীবন্ত করে তোলা হবে।
সিনেমাটির নাম এখনও চূড়ান্ত না হলেও চলতি বছরই দৃশ্যধারণের কাজ শুরু করার পরিকল্পনা
রয়েছে সংশ্লিষ্টদের। বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ দ্রুতগতিতে এগিয়ে
চলছে।

























