৩৯ বছর বয়সী অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম এখন কেবল টেস্ট ক্রিকেটেই নিজেকে
সীমাবদ্ধ রেখেছেন। গত বছরের চ্যাম্পিয়নস ট্রফির পর ওয়ানডে এবং এরও আগে
টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়া এই তারকা মিডল অর্ডারের বিপর্যয় সত্ত্বেও সীমিত
ওভারের ক্রিকেটে ফিরতে রাজি হননি। সিলেটে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টের
প্রাক্কালে এক সংবাদ সম্মেলনে নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে তিনি বলেন,
‘ওয়ানডে ক্রিকেটে যেটা বললেন, আমার কাছে (প্রস্তাব) এসেছিল। কিন্তু আমি মনে করি,
বাংলাদেশ দল ইনশা আল্লাহ এমন একটা পর্যায়ে এখন আছে এবং ভবিষ্যতেও যাবে, আমি মনে করি
যে আমার ও রকম সার্ভিস দরকার হবে না।’ দীর্ঘ দেড় দশকের ব্যস্ত সূচি কাটিয়ে এখন
পরিবারকে সময় দিতে পেরে তিনি ব্যক্তিগতভাবে বেশ তৃপ্ত।
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের বর্তমান পারফরম্যান্স নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সাবেক
এই অধিনায়ক। মুশফিকের মতে, বর্তমান টেস্ট দলটি আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি
স্থিতিশীল ও পরিণত। দলের ধারাবাহিকতা প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, ‘আগেও অনেক দারুণ
ব্যক্তিগত পারফরমার ছিল। কিন্তু সব মিলিয়ে আপনি যদি বলেন ধারাবাহিকতার দিক থেকে,
যদি আপনি খেয়াল করে দেখেন, অবশ্যই এখন যে টেস্ট দলটা খেলছে, সব সময়ের চেয়ে বেশি
ধারাবাহিক। আগে আমরা এক বছরে গড়ে হয়তো সর্বোচ্চ তিনটা টেস্ট খেলতাম, এ রকম হলে ফল
পাওয়া খুব কঠিন। এখন ৮–১০টা খেলি, আগের থেকে এটা ভালো।’ তাঁর বিশ্বাস, দলে এখন
পারফরমারের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সাফল্য পাওয়া সহজ হচ্ছে। এ বিষয়ে তিনি বলেন, ‘এখন
যারা আছে, তারা অভিজ্ঞ। সেদিক থেকে বলব, তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে, তারা
পারফর্ম করছে, যেটা আমি বললাম একটু আগে যে পারফরমারের সংখ্যাটা অনেক বেশি।
পারফরমারের সংখ্যা যখন একটা দলে ৫ থেকে ৭–৮ জন হবে, সেই দলটা যেকোনো সংস্করণেই হোক
তারা ভালো করবে।’
ক্যারিয়ারের গোধূলি বেলায় এসে অবসরের নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো নির্ধারণ করেননি
১০০ টেস্ট খেলা এই কিংবদন্তি। মাঠের লড়াই চালিয়ে যাওয়ার তীব্র আকাঙ্ক্ষা ব্যক্ত করে
তিনি বলেন, ‘আপাতত কোনো লক্ষ্য নেই। কালকের ম্যাচটাই শেষ হয়ে যেতে পারে
আবার…বাকিটা উপরওয়ালা জানে। মৃত্যুর আগে শেষ কয়টা দিন বেঁচে থাকার খুব ইচ্ছা
(হাসি)। বেঁচে থেকে যে কয়টা দিন মাঠে কাটাতে পারি, এই ইচ্ছাটাই আছে। এখন ছাড়ব বা
কবে ছাড়ব, এটা আসলে এখনো সিদ্ধান্ত নিইনি। ভালো সময় থাকতেই ছাড়ব ইনশা আল্লাহ।’
আগামীকাল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শেষ টেস্টে পাকিস্তানের মুখোমুখি
হবে বাংলাদেশ, যেখানে স্বাগতিকরা বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
























